মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।
শনিবার (৭ মার্চ) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত।
আটকরা হলেন- চকরিয়া উপজেলার উত্তর ফুলছড়ি গ্রামের নজরুল ইসলাম (৩০), আব্দুল আজিজ (৩০), শফিকুর রহমান (২১), জাহেদুল ইসলাম(২৭), মো. এরশাদ (৩১), মো. নুরুল আলম (৩৪), মো. নুরুল হক (২০), মো. হারুন অর রশিদ (২৮), মো. নাসির উদ্দীন (৪০) ও মো. এহসান (৩২)।
কোস্টগার্ড জানায়, বঙ্গোপসাগর ব্যবহার করে ট্রলারযোগে মিয়ানমারের সিমেন্ট পাচারের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে ভোরে অপারেশন কোরাল দ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং ট্রলারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড।