কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে জেলেদের জালে একটি ২০৫ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়েছে; যেটি আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার বাসিন্দা নাছির ও কায়সার উদ্দিনের ট্রলারে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা।
মাছটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুসার আড়তে তোলা হয়। এ সময় ভোল মাছটি দেখতে আড়তে ভিড় জমান স্থানীয়রা।
সেখানে মাছটির দাম তিন লাখ টাকা চাওয়া হলে দুই লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন পৌর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল।
ট্রলারের মালিক কায়সার উদ্দিন (৩৫) বলেন, দুই দিন আগে ট্রলারটি ১০ জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বিকালে জালে অন্য সামুদ্রিক মাছের সঙ্গে বিশাল ভোল মাছটিও ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়।
মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, “এত বড় ভোল মাছ জীবনে কখনো দেখা হয়নি। বড় মাছ ধরতে পেরে জেলেরাও খুশি। আড়তে মাছটি মেপে পাওয়া গেছে ২০৫ কেজি। এর আগে এত বড় ভোল মাছ টেকনাফ উপকূলে ট্রলারে ধরা পড়েনি।”
এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর উপজেলার বাহারছড়া উপকূলে ১৬৬ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল বলে জানান তিনি।
ট্রলার মালিক কায়সার উদ্দিন বলেন, ভোল মাছটি বিক্রির জন্য তিন লাখ টাকা চাওয়া হয়েছিল। পাঁচ থেকে ছয়জন মাছ ব্যবসায়ী এটি কেনার আগ্রহ দেখান। শেষ পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মোহাম্মদ জাফর ও সাইফুল।
ব্যবসায়ী মোহাম্মদ জাফর বলেন, ভোল মাছটি বিক্রির জন্য বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার হাই স্কুলের মাঠের বাজারে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, এত বড় ভোল মাছ ধরা পড়া আসলেই খুশির খবর। বিরল প্রজাতির এ মাছ সবসময় জালে ধরা পড়ে না। সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় এ মাছের বিচরণ বেশি থাকে।
এক একটি ভোল মাছের ওজন ৯ থেকে ১০ মণ পর্যন্ত হয়ে থাকে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।