কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৪ ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ৫’শ বসতি।
মঙ্গলবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। যা ৪ ঘন্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পায়। প্রথমে উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে ৪টি ইউনিয়ন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের কক্সবাজার, টেকনাফ ও রামুর ৬টিসহ মোট ১০টি ইউনিয়ন ঘটনাস্থলে যায়। তবে ৮টি ইউনিট চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনা কাজ শুরু করে।
“পরবর্তীতে সকাল ৭টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৫ শতাধিক বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। আর ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে বলে রোহিঙ্গা জানান।”
এর আগে গতবছরের ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকান্ডে পুড়ে যায় ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল ও এর ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় দশটির বেশি ঘর।