বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে আসতে পারেন। সম্ভাব্য সফর তারিখ আগামী ১৮ জানুয়ারি। তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সফরসূচি ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য কর্মসূচির অংশ হিসেবে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজার আসতে পারেন। এর আগে তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানা গেছে।
ইউসুফ বদরী আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িবহর নিয়ে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন এবং কী কী কর্মসূচি পালন করবেন-এসব বিষয়ে প্রাথমিক পরিদর্শন চলছে। পরিদর্শন শেষে বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হবে। এরপরই দলীয়ভাবে সফরসূচি ঘোষণা করা হবে।”
এদিকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, “দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন-এটি কক্সবাজার জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।”
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান বগুড়া সফরে যাবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর থ্রি হান্ড্রেড ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষ উপস্থিত হন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ছিলেন।