‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। প্রথম ঢাকাই সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে তাকে দেখা যাবে।
টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির বান্ধবী সুস্মিতা। টালিপাড়ায় মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে নিয়মিত টালিউডের বিগ বাজেটের সিনেমায় অভিনয় করছেন তিনি।
জানা যায়, ‘রাক্ষস’ সিনেমার প্রথমদিকে ঢাকায় শুরু হলেও টিমটি এখন অবস্থান করছেন শ্রীলঙ্কায়। সেখানে রয়েছেন সিনেমার নায়ক সিয়াম। এদিকে সুস্মিতা এখনও রয়েছেন ভারতে। তবে কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কার শুটিং স্পটে যোগ দেবেন তিনি।
সিনেমার শুটিং প্রসঙ্গে সংবাদমাধ্যমে সুস্মিতা বলেন, সিনেমার গল্পটা আমাকে মুগ্ধ করেছে। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগও রয়েছে। এটা আমার বাংলাদেশে প্রথম কাজ। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করবো।
রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত হচ্ছে ‘রাক্ষস’। শ্রীলঙ্কায় সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হচ্ছে। তা শেষ হলেই দেশে ফিরবে পুরো ইউনিট।
প্রসঙ্গত, ‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জিকে। সিয়াম, সুস্মিতা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ, আলীরাজের মতো তারকারা। চলতি বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।