চকরিয়ায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। কৃত্রিম সংকট দেখিয়ে কতিপয় ব্যবসায়ী পুরো উপজেলায় ক্রেতাদের জিন্মি করে এলপি গ্যাস বিক্রিতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। মঙ্গলবার থেকে মুনাফালোভী বাণিজ্য বন্ধে অভিযান শুরু করেছেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অপরাধে দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার রুপায়ন দেব বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতিসময়ে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে।
এ ধরণের অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট চলাকালে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে সাইফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল নামের দুইজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।