বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কাজের খোঁজে বের হয়ে বন্যহাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুস ছালাম (৩৫)। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে উপজেলার আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরের দিকে একটি বন্যহাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়। এ সময় কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা কাছে যান। হঠাৎ আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আবদুস ছালামের ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর তিনটি ছোট সন্তান ও শারীরিক প্রতিবন্ধী পিতা আবদুর সাত্তারসহ পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”
অন্যদিকে, উপজেলার সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা নুর হোসাইন বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিহত আবদুস ছালামের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বন বিভাগের প্রতি দাবি জানিয়েছেন।