কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এটিএম নুরুল বশর চৌধুরী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কক্সবাজার জেলাবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
রবিবার (৯ আগস্ট) মহেশখালীর মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সরকারি সফর ও অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম নুরুল বশর চৌধুরী। তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রামে নেওয়া হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রয়েছেন।
এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "এটিএম নুরুল বশর চৌধুরী আমাদের প্রিয় অভিভাবক ও প্রবীণ রাজনীতিক। তাঁর এই আকস্মিক অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"
সংসদ সদস্য মহেশখালী-কুতুবদিয়াসহ সমগ্র কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট এটিএম নুরুল বশর চৌধুরীর দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়া কামনার আহ্বান জানান।