কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত করেছে কালারমারছড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে সৃষ্ট ব্যাপক গণজোয়ার। সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সমর্থনে আয়োজিত গণসংযোগ ও বিশাল জনসভা শেষ পর্যন্ত রূপ নেয় এক অভূতপূর্ব জনসমুদ্রে।
গতকাল বিকেল ৫টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকেই কালারমারছড়ার অলিগলি মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা এতটাই বেড়ে যায় যে কালারমারছড়ার প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, কালারমার ছড়ার মাটি ও মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। নির্বাচিত হলে কালারমার ছড়াকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব। মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করব। লবণের ন্যায্য মূল্য ও পানের সঠিক বাজারদর নিশ্চিত করে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। পাশাপাশি পাহাড়ি জমি রক্ষা ও স্থানীয় মানুষের বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করাও আমার অঙ্গীকার।
কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাচুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন, আলমগীর ফরিদের হাত ধরেই এ অঞ্চলে প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট নুরুল আলম, সাবেক উপজেলা সভাপতি ডা. আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুল, এডভোকেট সিরাজুল হক, এডভোকেট হামিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল করিম চেয়ারম্যান, জেলা যুবদলের সহসভাপতি মকছুদুল আলম নিরু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাব উদ্দিন, শহীদ ডানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া, বিএনপি নেতা আব্দুল করিম মেম্বার, মাতারবাড়ী বিএনপি নেতা জসিম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বখতিয়ারসহ আরও অনেকে।
রাত ৮টা পর্যন্ত চলা এ জনসভায় স্থানীয় মুরব্বি, যুবসমাজ ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর কালারমারছড়ায় ধানের শীষের পক্ষে এমন বিপুল জনসমাগম স্পষ্টভাবে প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং এটি পুরো আসনের ভোটের হিসাব–নিকাশে একটি নতুন বাস্তবতা সৃষ্টি করেছে।