কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন চারজন।
বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।
নিহত নাহিদ ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।
ওসি নুরুল আবছার জানান, বাসটি জব্দ করার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।