কক্সবাজারের টেকনাফে সী-বিচ এবং প্রবাল দ্বীপে সেন্টমার্টিন বিওপি’র উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ হানিফুর রহমান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন। যেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পরবর্তীতে বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সী-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তা দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ০৭ এপ্রিল সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। বর্তমানে উক্ত বিওপি উদ্বোধন করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেন্টমার্টিন বিওপির কার্যক্রমের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো বলেও জানায় বিজিবি।