মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখী সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে পালিয়ে অনুপ্রবেশ করা ৫৭ জনের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সীমান্তে আটক অপর ৪ জন বাংলাদেশী জেলে এবং তারা নাফনদীতে মাছ ধরতে গিয়ে গোলাগুলিতে ফিরতে গিয়ে অনুপ্রবেশকারিদের সাথে মিশে যায়। ফলে এদের যাচাই-বাছাই করে মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
পুলিশ জানায়- সোমবার রাতে বিজিবির উখিয়াস্থ ৬৪ ব্যাটালিয়নের নায়েক ছরওয়ার মোস্তফা বাদি হয়ে ৫৩ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। যাচাই-বাছাইকালে নাফনদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী ৪ জেলেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। মামলায় অভিযুক্ত ৫৩ জনের মধ্যে একজন পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসাধিন। অপর ৫২ জনকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকালে এই ৫২ জনকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠানো আদেশ দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ।
এদিকে সোমবার সকাল দশটায় কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘বাংলাদেশ অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে আহত আবু হানিফের পা কেটে ফেলা হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। একই সঙ্গে হোয়াইক্যং সীমান্ত এলাকায় রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক।