কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা সুলাতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর মৃত্যুবরণ করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হুজাইফা মারা গেছে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র।
তিনি বলেন, গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং এলাকার হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
রাতেই আইসিইউ'র চিকিৎসকেরা জানান, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর হুজাইফার মৃত্যু হয়।
এদিকে হুজাইফার মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা জসিম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
হুজাইফা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের বাসিন্দা।