ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তারেক রহমান ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিল। বাংলাদেশের মানুষ আজ তার অধিকার ফেরত পেয়েছে।”
তিনি বলেন, “গতরাতে সারাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি যেটি কাম্য নয়। বাংলাদেশের মানুষ যদি ভোটকেন্দ্রে আসেন তাহলে যেকোনও ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
জয়ের ব্যাপারে তিনি আশাবাদী জানিয়ে তিনি বলেন, “বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য দেওয়া হবে।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম।” তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।
উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুইটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।