পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ তাঁর নির্বাচনী এলাকা মহেশখালী-কুতুবদিয়া, কক্সবাজার জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় ড. হামিদুর রহমান আযাদ বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর এক মহান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির মাধ্যমে মুমিন মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেছেন। ঈদের এই আনন্দ সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেওয়ার শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা আজ জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাজপথে নামতে প্রস্তুত।”
জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন সরাতে ছাত্র-জনতা মাত্র ৩৬ দিনে যে বিপ্লব ঘটিয়েছে, তার জন্য সহস্রাধিক তাজা প্রাণ উৎসর্গ করতে হয়েছে। দুই হাজারেরও বেশি ভবিষ্যৎ প্রজন্ম আজ আহত ও পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন কাটাচ্ছে। প্রশ্ন জাগে, সেইসব শহিদ ও আহতদের পরিবারে কি আজ ঈদের অনাবিল আনন্দ আছে? আমরা তাঁদের ত্যাগকে বৃথা যেতে দেব না।” তিনি জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ড. আযাদ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একঝাঁক তরুণ, মেধাবী বুদ্ধিজীবী, আলেম-ওলামা ও সাধারণ মানুষকে সাথে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেশ পুনর্গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। আসুন, আমরা অসহায় ও নিম্নবিত্ত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে বৃহত্তর ইসলামী আন্দোলনে শরিক হই।” তিনি পবিত্র ঈদুল ফিতরের এই খুশির দিনে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও পরকালীন মুক্তি কামনা করেন।