আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার জেলার নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আ: মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, নির্বাচন উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
সভায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলমসহ আইন-শৃংখলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে করণীয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।