ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা, অবহিতকরণ ও প্রেসকার্ড সম্পর্কিত অনলাইন আবেদন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আ: মান্নান।
জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাংবাদিকরা নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন।
এছাড়া কেন্দ্র পর্যবেক্ষণ ও দায়িত্বশীল কাজের মাধ্যমে সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জেলা নির্বাচন অফিসার মো: আ: আজিজ ,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালীসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বি়ভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এবারের নির্বাচনে যারা পেশাগত সাংবাদিক তাদেরকে অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচনের পাস কার্ড দেওয়া হবে।
যা পরবর্তীতে অনলাইন থেকে নিজেরাই তা ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।
এরআগে নির্বাচনী পাস কার্ড সংগ্রহের নিয়মাবলী উপস্থাপনা করা হয়।