সূদীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গেলেন সকলের প্রিয় শিক্ষক, কবি, গল্পকার, কথা সাহিত্যিক সোহেল ইকবাল।
সোহেল ইকবাল কক্সবাজারের পেকুয়া উপজেলার গোঁয়াখালী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। নিছক আনন্দের পেছনে না ছুটে আশৈশব যেকোনো ঘটনা থেকেই আনন্দকে খুঁজে নেয়া তার স্বভাব। কঠোর বাস্তববাদিতা তাকে বরাবরই পৌঁছে দিয়েছে সঠিক ঠিকানায়। পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেয়ার পেছনের কারণটাও ঠিক তাই।
১৯৮২ সালে কক্সবাজারের পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশন থেকে এসএসসি পাশ করার পর লেখালেখির হাতেখড়িটা কবিতার মাধ্যমে। তবে সে বছরই 'সে এবং ওরা' শিরোনামে একটি গল্প কিশোরগঞ্জের এক লিটলম্যাগে প্রকাশিত হয়। ১৯৮৪ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন শুরু করেন। কিন্তু সেশনজটের কারণে অনার্স বাদ দিয়ে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে বিএড ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পঞ্চম স্থান অধিকার করে এমএ ডিগ্রি লাভ করেন।
১৯৯৪ সালে তিনি বান্দরবানে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং পরবর্তীতে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তিনি ২০০৬ সালের ২ জানুয়ারি কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদান করেন এবং এই বিদ্যালয়ে ২০ বছরেরও অধিককাল সাফল্যের সাথে শিক্ষকতা করেন।
ইতোমধ্যে 'অতঃপর আক্কেল আলীর হাজতবাস ', বৃষ্টির প্রচ্ছদ ' 'সময় ঘড়ি' নামে তাঁর তিনটি গল্পগ্রন্থ এবং 'বেলা শেষের গান' নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।