কক্সবাজারের জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী উখিয়া ও টেকনাফে ব্যাপক গণসংযোগ করেছেন। একই সঙ্গে একাধিক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। একই দিনে টেকনাফের লেদা স্টেশন ও উখিয়ার রাজাপালং ইউনিয়নের জামতলি স্টেশনেও পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। যেখানে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী কখনোই রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি এবং ভবিষ্যতেও যাওয়ার কোন সুযোগ নাই। তিনি দাবি করেন, সরকার গঠন করবে বিএনপিই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা জনগণের দায়িত্ব।
তিনি বলেন, জিয়াউর রহমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। ভবিষ্যতে তারেক রহমান ক্ষমতায় এলে একইভাবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এ কাজ বিএনপি ছাড়া অন্য কোনো দল পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
শাহজাহান চৌধুরী আরও বলেন, ইসলামকে লিজ নিয়ে কেউ মুসলমান হওয়ার সার্টিফিকেট দিতে পারে না। ‘আপনারা মুসলমান, আমরা নই’—এ ধরনের বিভাজনমূলক বক্তব্য বন্ধ করতে হবে। সীমান্ত সমস্যা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকার ছাড়া কেউ সফল হতে পারবে না বলেও তিনি দাবি করেন।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, কেন আরাকান আর্মি বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে ও গুলি করছে—এ প্রশ্নের জবাব দিতে হবে। তিনি অভিযোগ করেন, জেলেরা নদীতে মাছ ধরতে গেলে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে উল্টো তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
থাইংখালীতে পথসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. রশিদ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহাম্মদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, নুরুল কবির চৌধুরী, আব্বাস উদ্দিন, আনুয়ারুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।