ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার আবারও নিন্দা জানাল চীন। মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আরের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানে হামলার বিরোধিতা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
তেহরানের ঘনিষ্ঠ অংশীদার চীন এরইমধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে ওয়াং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানে পক্ষে। তিনি বলেন, ‘সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছিল, দুঃখজনকভাবে ইরানে হামলার ঘটনায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’
বেইজিং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে জানিয়ে ওয়াং বলেন, ‘বল প্রয়োগের মাধ্যমে সত্যিকারের সমস্যা সমাধান হয় না। বরং এর মাধ্যমে নতুন করে সমস্যা ও মারাত্মক পরিণতি ডেকে আনে।’
তিনি আরও বলেন, সংঘাত যাতে আর না ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই জন্য চীন অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং সামরিক অভিযান বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।