কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার ১নম্বর এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-১৫ এবং এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লিংকরোড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. কামাল (২২)। সে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা (সালাম সাহেবের কলোনি) এলাকার মোরাদের ছেলে।
এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত কামাল বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার প্রধান ও ১নম্বর এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে কক্সবাজারে এসে আত্মগোপন করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ (সিপিএসসি) এবং এসআরবি-৭ (সিপিসি-৩) এর চৌকস দল লিংকরোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এই শীর্ষ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সংশ্লিষ্ট থানায় (বায়েজিদ বোস্তামী) পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।