মহেশখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা সুনিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্য পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান এবং ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মহেশখালীতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মাঠে সক্রিয় থাকবে।