পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা মহেশখালী ও কুতুবদিয়ার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর অশেষ রহমত ও মাগফেরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে আসে এই ঈদ। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি- ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে এমপি আলমগীর ফরিদ বলেন, “আজ আমরা এক নতুন বাংলাদেশে ঈদ পালন করছি। জননেতা ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এক বৈষম্যহীন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে চলেছে। তাঁর দিকনির্দেশনায় আমরা একটি সুন্দর, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকবে বলে আমার বিশ্বাস।”
তিনি আরও বলেন, “এবারের ঈদ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জুলাই বিপ্লবের বীর শহিদদের আত্মত্যাগ এবং অগণিত ছাত্র-জনতার সংগ্রামের বিনিময়ে আমরা আজ নতুনভাবে নিশ্বাস নিতে পারছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
মহেশখালী ও কুতুবদিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আসুন, আমরা ঈদের এই খুশিতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সব ধরণেরর অপপ্রচারকে রুখে দিয়ে আমরা চাঁদাবাজ, দখলবাজ ও সকল প্রকার অবিচারের বিরুদ্ধে লড়াই জারি রাখব এবং মহেশখালী-কুতুবদিয়াকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলব।” তিনি দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানান।