ব্যাংককের মেডপার্ক হাসপাতালে চিকিৎসাধীন আছেন কক্সবাজার-৩ (সদর-রামূ-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের স্ত্রী শিরিন রহমান। সহধর্মিণীর সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বুধবার (০৭ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককস্থ মেডপার্ক হাসপাতালে শিরিন রহমানের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার (স্পাইন সার্জারি) সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত তিন ঘণ্টার এই অস্ত্রোপচারের পর তাঁকে দুই ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন। সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে তাঁর ফেইসবুক পেইজে দোয়া চেয়েছেন তিনি।। আবেগঘন এক বার্তায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল লিখেন, 'আজ ব্যাংককের Med Park Hospital এ সহধর্মিণী শিরিন রহমানের সকাল ৭টা থেকে spine surgery চলছে। গতকাল ডাক্তার সোমবাত বললো ৩ঘন্টা operation চলবে। ২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবে। হাসিখুশি প্রানবন্ত মানুষটি গত কয়েক বৎসর থেকে এই জটিল রোগের সাথে লড়াই করছেন। ঘুর্ণিঝড়ের মত ঝঞ্জা, বিক্ষুব্ধ জীবনে তিনি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ। একা সংসার সামলানো এবং শিক্ষিত সু-পুত্র উপহার দেওয়ার মত কঠিন কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। সহধর্মিণীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন তিনি যেন সম্পুর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।'
বর্তমানে অস্ত্রোপচার পরবর্তী মুহূর্তে সহধর্মিণী যেন পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য তিনি দেশবাসীসহ কক্সবাজারের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া কামনা করেছেন।