শাহজাহান চৌধুরী ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফ উপজেলা এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুমসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও মডেল উখিয়া-টেকনাফ গড়ে তোলা হবে।
মাদক কারবারিদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতের অবৈধ কার্যক্রম পরিহার করে আলোর পথে ফিরে আসতে হবে। সরকারের বদনাম হয়।এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
পাহাড়ি অপহরণকারী ও মানবপাচারকারীদের সতর্ক করে তিনি বলেন, মানুষ হয়ে মানুষকে অপহরণ করা নিকৃষ্ট কাজ। এসব অপরাধ ছেড়ে সৎপথে ফিরে না এলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশিত না হওয়ায় দুর্বলতা ও ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সহ্য করা হবে না।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং শাহজাহান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।