ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ‘ফুট পেট্রোলিং’ শুরু করে পৌরসভার শাপলা চত্বর হয়ে উপজেলা শহীদ মিনার চত্বর পর্যন্ত এ টহল কার্যক্রম পরিচালনা করেন টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট।
‘ফুট পেট্রোলিং’ চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়।
টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয় ভোটারদের।