বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের জনগণ এখন একটি নতুন শাসনব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, বিগত ৫৪ বছরের ব্যর্থতা ও সংকটকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো স্বৈরাচারী কিংবা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা মেনে নেবে না। জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা ধরে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের শক্তিই সব ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।
এ সময় তিনি কুতুবদিয়ার দীর্ঘদিনের সমস্যার কথাও তুলে ধরেন। ড. হামিদুর রহমান আযাদ বলেন, দ্বীপাঞ্চলটির মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো টেকসই বেরিবাঁধ ও নির্ভরযোগ্য ফেরিঘাটের অভাব। তিনি এসব সমস্যার স্থায়ী সমাধানের দৃঢ় আশ্বাস দেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমির আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম, ছাত্রনেতা মতিউর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।