আজ রবিবার (৯ আগস্ট) এক নিবিড় ও ব্যস্ত সরকারি সফরে কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রামে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ও কক্সবাজারের মহেশখালীতে এটিই তাঁর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নিজে উপস্থিত থেকে মাতারবাড়ির সার্বিক প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর অবতরণের হেলিপ্যাড সরেজমিনে পরিদর্শন করেন।
পরে বিকেলে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও প্রকল্প এলাকায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এক বিশাল স্বাগত মিছিল বের করেন। 'স্বাগতম স্বাগতম, প্রধানমন্ত্রী স্বাগতম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাতারবাড়ি এলাকা।
মিছিল শেষে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। যদিও এটি কোনো রাজনৈতিক জনসভা নয়, সম্পূর্ণ অফিশিয়াল সফর, তবুও মহেশখালীবাসী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উন্মুখ হয়ে আছে। আমাদের এই মাতারবাড়ি মেগা প্রকল্পগুলো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের কাছে একটি অর্থনৈতিক হাব (Economic Hub) হিসেবে পরিচিতি পাচ্ছে।"
এমপি ফরিদ আরও বলেন, "আজকের এই সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি- কক্সবাজার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী বহুল প্রতীক্ষিত 'মহেশখালী সেতু' নির্মাণের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরব। আশা করি তিনি আমাদের এই ন্যায্য দাবিটি বাস্তবায়ন করবেন।"
# প্রধানমন্ত্রীর ব্যস্ত সফরসূচি:
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট প্রটোকল সূত্র অনুযায়ী, আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাতারবাড়িতে পৌঁছাবেন।
সেখানে তিনি দেশের অর্থনীতির গেম-চেঞ্জার হিসেবে পরিচিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন এবং মেগা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
মহেশখালী সফর শেষে দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। পরবর্তীতে দুপুর ২টায় ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ এবং বিকেল ৩টা ১৫ মিনিটে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন সভায় অংশগ্রহণ এবং সন্ধ্যায় নগরীর র্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী দীর্ঘ সফর শেষে রাত ১০টা ৪০ মিনিটে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এদিকে প্রধানমন্ত্রীর আজ মহেশখালী ও চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এসএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।