টেকনাফ কক্সবাজার সড়কে মিনি পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কলেজ শিক্ষকসহ অপর ৩ যাত্রী। নিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সজীব (৩৭) ও কক্সবাজার রামু এলাকার এনায়েত উল্লাহ (৩৫)। আহতদের মধ্যেও এক জনের অবস্থা আশংকাজনক।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে মিনি পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। উপস্থিত স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারের ব্যবসায়ী আমিন উল্লাহ জানান, "আমার চোখের সামনেই পিকআপ ও সিএনজির মধ্যে সংঘর্ষটি ঘটে। মূলত বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনা আসলে সিএনজি ড্রাইভার নিহত হয়েছে "
পালংখালী স্টেশনের এক স্থানীয় কর্মী আবুল ফায়সাল মো. ফাহিম ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে কক্সবাজার-টেকনাফ সড়কের এই স্থানটিতে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। দুর্ঘটনা এড়াতে ওই ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত স্পিড ব্রেকার বা পর্যাপ্ত সড়ক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা গেছে। সিএনজির অপর ৩ জন যাত্রী আহত হয়েছেন।
ওসি আরও জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"