কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আরমোর এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এসআরবি-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়াপাড়া এলাকার জনৈক ফরিদ আলমের বাড়ির সামনে পাহাড়ের পাদদেশসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বুলেটপ্রুফ ব্যালিস্টিক আরমোর, ১টি চাইনিজ কুড়াল, ১টি বোল্ট কাটার এবং ১টি লোহার তৈরি রেত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত বুলেটপ্রুফ ভেস্ট ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে এসআরবি-১৫ এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।