কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির সদস্যরা কাস্টমস এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বাইশফাঁড়ী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘কাস্টম’ নামক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।