কক্সবাজার সদরের খরুলিয়ায় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া নয় কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার এবং পরিবহন কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করেছে এসআরবি।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি বলেন, রোববার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের কতিপয় সদস্য ইয়াবার চালান লেনদেনের জন্য জড়ো হওয়ার খবরে এসআরবি এর একটি দল অভিযান চালায়। এতে দলটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারী ছলিম উল্লাহ ও তার অজ্ঞাতনামা এক সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে মাদক কারবারীদের ফেলে যাওয়া অটোরিকশাটিতে তল্লাশীকালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
ঘটনায় পলাতক মাদক কারবারীদের গ্রেপ্তারের পাশাপাশি জড়িত অন্যদের চিহ্নিত করতে এসআরবি এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, এসআরবি এর গণমাধ্যম কর্মকর্তা।
আ. ম. ফারুক জানান, ঘটনায় উদ্ধার ইয়াবা ও অটোরিকশা কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।