সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ উপলক্ষে মহেশখালী উপজেলায় এক সংবাদ সম্মেলন ও জরিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ২টায় উপজেলা পুরাতন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান-মাহমুদ-ডালিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম।
জাতীয় পর্যায়ে ভার্চুয়ালি আয়োজিত এ সংবাদ সম্মেলনে মহেশখালী উপজেলা প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হন নিয়োগপ্রাপ্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির তরুণ নেতা ও সাবেক ছাত্রনেতা আ.স.ম জাহেদুল হক নাহিদ, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইছার হামিদ মুনির, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক এম আজিজ সিকদার এবং পৌর যুবদল নেতা হারুন উদ্দিন রুবেল। এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সকল জনবলকে নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ শেষে অতি শীঘ্রই মাঠ পর্যায়ে পুরোদমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে।
সংবাদ সম্মেলন শেষে ছোট মহেশখালীর সিপাহীর পাড় এলাকায় সরজমিনে তথ্য সংগ্রহের মাধ্যমে মহেশখালী উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান-মাহমুদ-ডালিম।