প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈবর্ত্তিক) পরীক্ষায় পাশ করেছেন। তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
শুক্রবার (১২ জুন) রাতে জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাইমা রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়। এমসিকিউতে পাশ করেছেন মোট ৯২০১ জন পরীক্ষার্থী। এরমধ্যে জাইমা রহমানও রয়েছেন।
এবারের এমসিকিউ-তে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হয়ে আদালতে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।
মেয়ে জাইমা রহমান বাংলাদেশ বার কাউন্সিলে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণের খুশির খবর শুক্রবার রাতে জেনে সপরিবারে শনিবার সকালেই পূর্ব নির্ধারিত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার এসেছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন এবং পরে ২০১৯ সালে বিখ্যাত লিংকন'স ইন থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টার এট ল' সনদ লাভ করেন।