বান্দরবান জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজনীন সুলতানাকে তাঁর বর্তমান পদ থেকে স্থানান্তর করে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে মো. সানিউল ফেরদৌস গত ২ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। নতুন জেলা প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ৬ মাস ৬ দিন দায়িত্ব পালন শেষে তাঁর দায়িত্বের অবসান হচ্ছে।