কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপরাধ, অপহরণ ও মাদক নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় ৩টি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ভেতরেও শুদ্ধি অভিযানের বার্তা দিয়ে মাদক কারবারিদের কোনোভাবেই দলীয় পদ না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে টেকনাফে হ্নীলা উত্তর শাখা যুবদলের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উখিয়া ও টেকনাফের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে এমপি শাহজাহান চৌধুরী বলেন, "জনগণকে নিরাপদ রাখতে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিবেচনায় ৩টি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন দেওয়া হয়েছে। পাশাপাশি অপহরণ ও মাদক বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।"
দলের পদবণ্টন প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "যারা ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, কমিটিতে তাদেরই মূল্যায়ন করতে হবে। তবে যারা দল করলেও মাদকের সাথে বিন্দুমাত্র সম্পৃক্ত, তাদের কোনোভাবেই দলের কমিটি বা কোনো পদ-পদবি দেওয়া যাবে না।"
উখিয়া-টেকনাফে ইউনিয়ন বিভক্তিকরণের কারণ ব্যাখ্যা করে সংসদ সদস্য বলেন, "বিগত ২০ বছরে টেকনাফের জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় ও তৃণমূলে নিশ্চিত করতেই ইউনিয়ন ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতেই এটি করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "উন্নয়নের এই কাজকে ৫ আগস্টের পরাজিত শক্তিরা সহ্য করতে না পেরে নানা বিরোধিতা ও ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। দলের সকল নেতাকর্মীকে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।" আগামী ২-৩ মাসের মধ্যে হ্নীলা ইউনিয়নে ৬টি বড় খাল খনন ও কয়েকটি বড় রাস্তার উন্নয়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ নুরআনীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করেন হ্নীলা উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ প্রভাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল মোস্তফা। সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— হ্নীলা উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহম্মদ, সদস্য সচিব ডা. নুরুল আজিম সোহেল, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ. এ. সোহেল চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সভাপতি হোছন আনিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকতার আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, হ্নীলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুবায়ের ওসমান, হ্নীলা দক্ষিণ যুবদলের আহ্বায়ক সেলিম সরদার, সাবেক সভাপতি নাছির উদ্দীন রাজসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।