চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে জড়িয়ে ধরলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ওইসময় তিনি আলমগীর চৌধুরীকে জড়িয়ে ধরে শান্তনা দেন এবং পারিবারিক খোঁজ খবর নেন। পরে তিনি সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে আলমগীর চৌধুরীর পিতা প্রবীণ শিক্ষক মরহুম সিরাজ আহমদের নামাজে জানাজায় অংশ নেন। রবিবার রাত ৮টার দিকে নিজ বাসভবন ইন্তেকাল করেন মেয়র আলমগীর চৌধুরীর পিতা সিরাজ আহমদ।
ওইসময় সিরাজ আহমদের নানা সামাজিক কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। আলমগীর চৌধুরী আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চকরিয়া পৌরসভার দুইবারের মেয়র নির্বাচিত হয়েছেন।
জানাজায় অংশ নেওয়া অনেককে বলতে শোনা গেছে, দীর্ঘদিন পর হলেও রাজনীতির মাঠে সুবাতাস বইতে শুরু করেছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতন হয়। এরপর থেকে আওয়ামীলীগ-বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। জানাজায় সব রাজনীতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে অনেকটা স্বস্থির নি:শ্বাস ফেলছেন সাধারণ মানুষ।
জানাজায় অংশ নিয়েছেন জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনিও স্মৃতিচারণ করেছেন। জানাজায় অংশ নেন দুই দলের অসংখ্য নেতাকর্মীরাও।
এ অবস্থায় মেয়র আলমগীরের পিতার জানাজায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ও জামায়াত সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের উপস্থিতি রাজনীতির মাঠে সুবাতাস বইছে বলে মনে করছেন স্থানীয়রা।