বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ’র পক্ষে ভোট চাইলেন স্ত্রী ও সন্তান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম সালাহউদ্দিন আহমদ’র পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা নামলেন তারা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) চকরিয়ার ইলিশিয়ায় জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ এর পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ বলেন, আজ আমি এখানে দাঁড়িয়ে একটি কথা বিশেষভাবে বলতে চাই-কৃতজ্ঞতার কথা। আমার বাবা গুম হয়ে যাওয়ার পর, যে কঠিন সময় আমাদের পরিবারের ওপর নেমে এসেছিল, সেই সময়ে পুরো কক্সবাজারবাসী যেভাবে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে আমাদের সাহস ও সমর্থন জুগিয়েছেন-তার জন্য আমি আপনাদের সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। এই ভালোবাসা, এই সহানুভূতি ও এই ঐক্য আমি কোনোদিন ভুলব না।
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিন, আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। আমি আপনাদের কাছ থেকে শুধু এটুকুই চাই বলে জানান সাঈদ ইব্রাহিম।
এসময় সালাহউদ্দিন আহমদ এর সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ বলেন, “আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বামী, আপনাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ-এর জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি-আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করুন।”
বক্তব্যে তিনি এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আপনারা যদি আপনাদের এলাকার ব্যাপক ও টেকসই উন্নয়ন চান, তাহলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। ইনশা আল্লাহ, বিএনপি সরকার গঠন করতে পারলে আপনাদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, “২০০৮ সালে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আপনাদের সেবার সুযোগ দিয়েছিলেন। ঠিক সেইভাবেই এবারও আমার স্বামী জনাব সালাউদ্দিন আহমদকে বিজয়ী করে আমাদের আবার আপনাদের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ করে দেবেন-এই আশা রাখি।”
মাতামুহুরীকে উপজেলা করার দাবির বিষয়ে তিনি বলেন, “আমি জানি, আপনাদের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো মাতামুহুরীকে উপজেলা ঘোষণা করা। আমি শুনেছি, আমার স্বামী ইতোমধ্যেই এই বিষয়ে ঘোষণা দিয়েছেন। আমি আপনাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করছি এবং দৃঢ়ভাবে বলছি-বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের প্রথম ধাপ হিসেবে মাতামুহুরীকে উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য তিনি অগ্রাধিকার দেবেন।”
বক্তব্যের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা যেন বংশপরম্পরায় আপনাদের সেবা করতে পারি-এই দোয়া ও সমর্থন আপনাদের কাছে কামনা করছি।
এসময় জনসভায় বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু।