চলতি ২০২৬ সালের হজ মৌসুমের জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষা দিয়েছে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবের হজ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের জন্য প্রণীত বিস্তারিত কর্মপরিকল্পনা ক্যালেন্ডারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, হাজিদের সৌদিতে আগমনের বহু আগেই সেবার প্রস্তুতি জোরদার ও প্রস্তুতিমূলক কার্যক্রম সহজতর করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয় গত বছরের ৮ জুন থেকেই। সেই সময় থেকেই বিভিন্ন দেশের হজ অফিসগুলোকে পরিকল্পনার প্রাথমিক নথি ও দিকনির্দেশনা পাঠানো হয়। এর ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে পবিত্র মক্কা ও মদিনার তাঁবুসহ অন্যান্য আবাসন-সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, মার্চ মাসের মধ্যে ভিসা দেয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ করে হাজিদের আগমনের তথ্য জমা দিতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ১৮ এপ্রিল (১ জিলকদ ১৪৪৭ হিজরি) থেকে প্রথম দফার হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করবেন। এর মাধ্যমে হজের চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এবারের হজের জন্য এরইমধ্যে প্রায় সাড়ে সাত লাখ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে ৩০ হাজার হাজি সরাসরি নিজ দেশ থেকে প্যাকেজ বুকিং দিয়েছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় হজবিষয়ক দফতর ও সেবা প্রদানকারীদের অনুমোদিত সময়সূচি পুরোপুরি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হজ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।