কক্সবাজারের মহেশখালী উপজেলার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রজেক্ট এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কক্সবাজার থেকে স্পিডবোটযোগে সরাসরি মাতারবাড়ির পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে পৌঁছামাত্র তাকে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এবং কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের পক্ষে তরুণ বিএনপি নেতা জাহেদুল হক নাহিদ ও এমপির ব্যক্তিগত সহকারী ছাত্রদল নেতা তারেক রহমান জুয়েল ফুলেল অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের চলমান সার্বিক অবকাঠামোগত অগ্রগতি ও নির্মাণকাজ সরাসরি ঘুরে দেখেন এবং গভীর সমুদ্রবন্দর বাস্তবায়নের সাম্প্রতিক অবস্থা পর্যালোচনা করেন।
এ সময় চিকিৎসাধীন অবস্থায় চীনে অবস্থানরত স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সাথে ফোনে দীর্ঘ আলাপ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। ফোনালাপে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করেন তিনি।
এ সময় এমপি আলমগীর ফরিদ মহেশখালীবাসীর পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে বলেন, প্রকল্পে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, জনসাধারণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জমি অধিগ্রহণকৃত প্রকৃত মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরবর্তীতে প্রকল্প কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়কালে জোনায়েদ সাকি বলেন, "দেশের জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে মাতারবাড়ী মেগা প্রকল্পগুলো অনন্য ভূমিকা রাখবে।" প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর জোর দিয়ে তিনি জানান, স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা করে এবং কাজের স্বচ্ছতা বজায় রেখেই দ্রুততম সময়ে প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
পরিদর্শন, মতবিনিময় ও স্থানীয় সংসদ সদস্যের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনভর মাতারবাড়ী প্রকল্প এলাকা ও স্থানীয় মহলে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যায়।