মহেশখালী উপজেলার পৌরসদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মাণাধীন নৌপথের ল্যান্ডিং স্টেশনের চলমান কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার দুপুরে এক অনির্ধারিত ও আকস্মিক সফরে তিনি এই প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
মহেশখালী পৌঁছালে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের পক্ষে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ল্যান্ডিং স্টেশন প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।
এ সময় তিনি বলেন, 'প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে জেলা শহরের সাথে মহেশখালীর নৌ-যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে। এটি কেবল স্থানীয় অর্থনীতির গতিশীলতাই বাড়াবে না, বরং মহেশখালীর পর্যটন খাতের বিকাশেও এক নতুন দিগন্তের সূচনা করবে।'
সমুদ্রবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের মেলবন্ধনে মহেশখালী দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা উল্লেখ করে তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হলে এখানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ব্যাপক হারে বাড়বে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি অনির্ধারিত সফর ছিল। প্রতিমন্ত্রীর আগমন বার্তা পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীবৃন্দ, মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) আবুজাফর মজুমদার এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ল্যান্ডিং স্টেশন প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে মহেশখালী অঞ্চলের নৌযান চলাচল, যাত্রীসেবা এবং পণ্য পরিবহনে এক যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন আসবে।