বাংলাদেশ বিমান বাহিনীর স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের সরাসরি নিক্ষেপ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মহড়ায় বিমান বাহিনীর ৩০১ সারফেস টু এয়ার মিসাইল (স্যাম) ইউনিট অংশ নেয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং মহড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মহড়া সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার জন্য তিনি তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
মহড়া পরিদর্শনকালে বিমান বাহিনীর সহকারী প্রধান (রক্ষণাবেক্ষণ), কক্সবাজার বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিমান সদর ও সংশ্লিষ্ট ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।