কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২০৫ কেজি ওজনের বিশাল আকৃতির এক বোল মাছ। যা বৃহস্পতিবার বিকেলে টেকনাফ পৌরসভার বাসিন্দা নাছির ও কায়সার উদ্দিনের ট্রলারে জালে মাছটি ধরা পড়ে। পরে রাতে ২ লাখ ৫৫ হাজার টাকায় বোল মাছটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাজারের মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল।
এরপর গতকাল শুক্রবার দুপুরে টেকনাফ পৌরসভার হাই স্কুলের মাঠ সংলগ্ন বাজারে মাছটি কেটে কেজি ২ হাজার দরে বিক্রি হবে, এনিয়ে করা হয় মাইকিং। যা শুক্রবার সকাল পর্যন্ত টেকনাফ পৌর এলাকায় এ মাইকিং করা হয়।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাফর বলেন, মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেয়ার পর লামারবাজার আল গালিব কোল স্টোরেজ সংরক্ষণ করা হয়। এরপর শুক্রবার জুমা নামাজের পর কোল স্টোরেজ থেকে মাছটি ৬ জন শ্রমিক কাঁদে নিয়ে ভ্যানে তুলে। এরপর দুপুর ২টার দিকে টেকনাফ পালইট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাছ বাজারে রাখা হয়। এসময় ৩-৪’শ মানুষ ভিড় করে। এরপর মাছটি কেটে প্রতিকেজি ২ হাজার টাকা করে বিক্রি করা হয়। মুহুর্তেই মাছটি বিক্রি হয়ে যায়। ২ লাখ ৫৫ হাজার টাকায় মাছ কিনলেও কেটে মাছটি বিক্রি হয়েছে ৪ লাখ টাকায়।
মাছ ব্যবসায়ী সাইফুল বলেন, উৎসুক মানুষকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। মাছটি কেটে বিক্রি করা হবে যে মাইকিং করা হয়েছিল, তার কারণে মাছ কিনতে প্রচুর মানুষ ভিড় করে। আবার অনেকেই মাছটির ভিডিও কিংবা ছবি তুলতে আসে। তারপরও খুশি লাগছে এতো বড় মাছ বিক্রি করে।
টেকনাফ সদর ইউনিয়নের দুবাই প্রবাসী মোহাম্মদ সিরাজ, তিনি বোল মাছটির ১ মণ ক্রয় করেন। তিনি বলেন, মাছটি ১ মণ নিয়েছি। কারণ এই ১ মণ মাছ ঘরে নিয়ে যাব। তারপর আবারও মাছটিকে কেটে ভাগ ভাগ করে স্থানীয় অসহায় মানুষদের কিছু বিতরণ করব এবং নিজের ঘরে কিছু রাখব। এই রমজানে অসহায় মানুষদের মানুষদের কিছু দিতে পারলে খুব খুশি লাগে।
এদিকে মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, এত বড় বোল মাছ জীবনে কখনো দেখা হয়নি। বড় মাছ ধরতে পেরে জেলেরাও অনেক খুশি। এর আগে এত বড় বোল মাছ টেকনাফ উপকূলে ট্রলারে ধরা পড়েনি। তবে গত বছর ২০৫ কেজি ওজনের বোল মাছ ধরা পড়েছে টেকনাফ বাহারছড়া উপকূলে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, এত বড় বোল মাছ ধরা পড়া আসলে খুশির খবর। বিরল প্রজাতির বড় এই বোল মাছ সব সময় জালে ধরা পড়ে না। সেন্টমার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় বোল মাছের বিচরণ বেশি থাকে। বোল মাছ ওজনে ৯-১০ মণও হয়ে থাকে। বড় হলে মাছ খেতে খুবই সুস্বাদু।