মহেশখালীর সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শিব চতুর্দশী পূজা ও ঐতিহ্যবাহী আদিনাথ মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ দিনব্যাপী এ পূজা ও মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা উদযাপন কমিটির সভাপতি ইমরান মাহমুদ ডালিম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাবেক মেয়র পূর্ণ চন্দ্র দে, শিব চতুর্দশী পূজা ও মেলা উদযাপন কমিটির সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর), মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক প্রতিনিধিরা। এছাড়াও কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মেলা উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। মেলা সুপারভাইজিং কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ন্যায় এবারও দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও তীর্থযাত্রীর আগমন ঘটবে। আগত তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।