ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজারের চারটি সংসদীয় আসন থেকে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে জেলার ৪টি আসনে এখন চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ১৭ জন প্রার্থী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কক্সবাজার-৩ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে বহাল হয়েছে বলে দাবি করা হলেও বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আদেশ রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেনি।
মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে যে ৩ জন সরে দাঁড়িয়েছেন তারা হলেন- কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।
ফলে ৪টি আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৩ জন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৫ জন। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ জন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৪ জন।
কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্র আগে বাতিল হয়েছিল। আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যে, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত আদালতের এমন কোনো আদেশ তাদের দপ্তরে এসে পৌঁছায়নি। আদেশ পৌঁছালে প্রার্থীর সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আজ ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই শুরু হবে প্রচারযুদ্ধ।