কক্সবাজার জেলায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এক সংলাপে মিলিত হয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি’র শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শহরের একটি অভিজাত হোটলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজারের আয়োজনে এই 'আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ ও ইফতার' অনুষ্ঠিত হয়।
সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং নিজ নিজ নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে তিনটি বিশেষ বিষয়ে একমত পোষণ করেন। বিষয়গুলো হলো, জেলায় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করা। অনলাইন বা অফলাইন—কোনো মাধ্যমেই উসকানিমূলক বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম কক্সবাজারের সাধারণ সম্পাদক ও ডিআই সিনিয়র রাজনৈতিক ফেলো ইউসুফ বদরী’র সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজিয়নের কনসালটেন্ট সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও এমএএফ নেতারা।
সংলাপে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম বাহাদুর, এনসিপি’র জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড মোহাম্মদ ইউনুস, সুজনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি আনসার হোসেন, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস’র রিপোর্টার তাহজিবুল আলম, আদিবাসী ফোরাম কক্সবাজার’র নারী নেত্রি মাটিন টিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রধান রাজনৈতিক দলগুলোর এই ইতিবাচক অবস্থান কক্সবাজারের সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার বোধ তৈরি করবে।