পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেকুয়া সেনা ক্যাম্প ও পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) ভোর ৬টায় এ অভিযান পরিচালিত হয়।
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দীর্ঘদিন ধরে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা।
অভিযানটি পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় পরিচালিত হয়। অভিযানের সময় মোঃ মোকতার হোসেন নামে একজন অভিযুক্ত অপরাধীকে তার ভাই শাহীন আলমসহ আটক করা হয়। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের হেফাজত থেকে মেটাল ব্যাটন ও ৪টি ধারালো দা উদ্ধার করা হয়েছে, যা এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং সংঘর্ষ সৃষ্টিতে ব্যবহারের আশঙ্কা ছিল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে । এলাকায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।