গণগ্রন্থাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও গণ্যমান্য অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেওলা গণগ্রন্থাগারের উপদেষ্টা শওকত ইসলাম মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতুয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অনুশীলন একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ মো. শফিকুল আলম, সোনালি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ তাছনিম, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, চকরিয়া সরকারি কলেজের প্রভাষক সরওয়ার কামাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম বলেন, 'একটি গণগ্রন্থাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ভেওলা গণগ্রন্থাগার অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'
সভাপতির বক্তব্যে ভেওলা গণগ্রন্থাগারের উপদেষ্টা শওকত ইসলাম মানিক বলেন, 'ভেওলা গণগ্রন্থাগার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গ্রামীণ পর্যায়ে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমাদের সেই লক্ষ্য পূরণের পথে অনুপ্রেরণা জোগাবে।'
অনুষ্ঠানে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভেওলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।