আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে কক্সবাজারের লিংক রোড এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-০৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পর্যাটন রাজধানী কক্সবাজার আজ নানা সংকটে জর্জরিত—নিরাপত্তাহীনতা, মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। সকলের জন্য নিরাপদ ও উন্নত কক্সবাজার গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি করতে চাই। যদি জনগণ আমাদের সুযোগ দেন, তবে এই পর্যটন নগরী কক্সবাজারকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নসমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “ভয় ও লোভের রাজনীতি পরিহার করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিন। আপনার একটি ভোটই পারে কক্সবাজারের ভবিষ্যৎ বদলে দিতে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, ছাত্র-যুব সমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ। সভা শেষে লিংক রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
২২ জানুয়ারি বিকেলে লিংক রোড স্টেশনে বিশিষ্ট সমাজসেবক নাজির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, মাস্টার নেয়ামত উল্লাহ, মাওলানা আব্দুল করিম, ঝিলংজা ইউনিয়ন পরিষদের মেম্বার মাওলানা ফজলুল করিম, মাওলানা আবুল কাশেম, তারেক বিন মোক্তার, এনসিপি জেলা সহকারী সাংগঠনিক সেক্রেটারি সাঈদ স্বাধীন, রাইয়ান কাশেম, যুব শক্তি জেলা আহ্বায়ক আসিফ বাপ্পি, ছাত্র শক্তির জেলা আহ্বায়ক আতহার সাকিব, সদর উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি মনিরুল আলম, মাস্টার মাঈনুদ্দীনসহ স্থানীয় সমাজসেবক, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।