কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন গতি সঞ্চার করেছে শাপলাপুর ইউনিয়নে আয়োজিত ধানের শীষের বিশাল জনসভা। সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের এই জনসভাকে ঘিরে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো শাপলাপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর গড়াতেই সভাস্থল ও আশপাশের এলাকায় জনস্রোত নামতে শুরু করে। শাপলাপুর ও কালারমারছড়ার বিভিন্ন গ্রাম থেকে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক নিয়ে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে আসতে থাকে। বিকেল ৫টায় সভা শুরুর কথা থাকলেও দুপুর ২টা থেকেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মানুষের ঢল নামে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়ক ও অলিগলি। এই বিপুল জনসমাগম স্থানীয় জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রত্যাশার স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখা যায়।
জনসভার প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, আপনারা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও অশান্তির মধ্যে দিন কাটিয়েছেন। শাপলাপুরের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকাকে আমি একটি সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদে রূপান্তর করব। তাছাড়া এ ইউনিয়নে বহুবিদ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে যদি স্থানীয় শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ না থাকে, তবে সে উন্নয়ন অর্থহীন। তিনি নির্বাচিত হলে মহেশখালী ও শাপলাপুরের যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা, পানের ন্যায্য মূল্য ও লবণের সঠিক বাজারদর আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে পাহাড়ি বসতভিটা ও কৃষকের জমি রক্ষায় কঠোর ভূমিকা রাখার ঘোষণাও দেন।
শাপলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজল করিমের সভাপতিত্বে ও মাস্টার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী। তিনি বিপুল উপস্থিতির প্রশংসা করে বলেন, শাপলাপুর আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই ধানের শীষের বিজয়ের ভিত্তি। প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের এখনই মাঠে নামতে হবে। তিনি আরও বলেন, আজকের এই জনসমুদ্রই প্রমাণ করছে, আগামী ১২ ফেব্রুয়ারি শাপলাপুরের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথি শাপলাপুরের সন্তান উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।